পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, মসজিদে অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা জেলা ইমাম পরিষদ।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর নগরীর ডাকবাংলা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের ঘরবাড়ি ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক হামলা বন্ধে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।






