নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে কেএমপিতে প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কেএমপি পুলিশ লাইন্সে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্বোধন ও স্বাগত বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নির্বাচনে পুলিশের আইনগতভাবে নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি ভোটের পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে। বর্তমান প্রশিক্ষণটি মূলত একটি ‘রিক্যাপ’—চাকরি জীবনে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া।
তিনি প্রশিক্ষণের প্রতিটি সেশন গুরুত্বসহকারে গ্রহণ করার জন্য অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় জ্ঞান ও কৌশল অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি আইন, আন্তঃবাহিনী সমন্বয়, নির্বাচনি সহিংসতা প্রতিরোধ, নির্বাচনি আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা এবং বডি-ওর্ন ক্যামেরার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) (ভারপ্রাপ্ত)সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।





