নগরীর নিরালায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ: পরিচয় মিলেছে, দশম শ্রেণির ছাত্রী নির্জনা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা নগরীর নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় মিলেছে। নিহত কিশোরী আরফানা হোসেন নির্জনা (১৬), তিনি খুলনা ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নির্জনা সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া বাঁশতলা এলাকার বাসিন্দা মো. আলীম হোসেন আকাশের মেয়ে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত সংবাদ দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যান নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা। সেখানে তিনি মরদেহটি শনাক্ত করেন।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে বস্তাবন্দি অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






