দেশে সোনার গহনার দাম আবার বাড়ল, ভরিতে বৃদ্ধি ২,২১৬ টাকা

ঢাকা, ২৭ জুলাই: দেশের বাজারে আবারও সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (ভ্যাটসহ)।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেট সোনার ভরি ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। সে সিদ্ধান্তের মাত্র তিন দিনের মধ্যে আবার দাম বাড়ানো হলো, যা বাজারে দামের ওঠানামার ধারাবাহিকতা নির্দেশ করে।





