ঢোলের বাজনা আর আরতির মধ্য দিয়ে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন

সায়মুন শেখ, চট্টগ্রাম
ঢোলের বাজনা, আরতি আর ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবীর চরণে শেষ প্রণাম আর সিঁদুর-ফুলের অর্ঘ্যে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।
বুধবার দুপুর থেকেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে আসতে শুরু করে প্রতিমাবাহী ট্রাক। বিকেল তিনটা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।
ঢাকের তালে নাচ, আরতি আর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন ভক্তরা। হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে সৈকত এলাকা। ধর্মীয় রীতি মেনে সাগরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান তারা।
পতেঙ্গা সৈকতের পাশাপাশি কালুরঘাট ও ফিরিঙ্গি বাজার এলাকায় কর্ণফুলী নদীতে এবং কাট্টলী এলাকার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন।
বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল। পাশাপাশি রাখা হয় মেডিকেল টিমসহ প্রয়োজনীয় ব্যবস্থা।
পতেঙ্গা সৈকতে বিসর্জন কার্যক্রম পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, এবার নগরীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে। প্রতিমা বিসর্জনের জন্য নগরীর চারটি স্থানে ব্যবস্থা রাখা হয়েছে। মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।
এ বছর চট্টগ্রাম নগরীর ২৯৪টি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।






