টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক সিএনজি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





