টি–টোয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের, জিম্বাবুয়ের কাছে ৩২ রানে পরাজয়

বুলাওয়ে, জিম্বাবুয়ে | তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে শুরু করেছে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৩৮ রানে অলআউট হয়।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মধ্যেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাইফ হাসান, তানজিদ হাসান ও পারভেজ হোসেন। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় ও ইয়াসির আলীর ২৯ বলে ৩৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। তবে মিল্টন সুম্বার বলে হৃদয় ১৩ বলে ১৪ রান করে আউট হলে ভেঙে যায় এই জুটি।
পরের ওভারে নুরুল হাসানের রানআউটে চাপে পড়ে বাংলাদেশ। পরে ইয়াসির আলী ও মেহেদী হাসানের ষষ্ঠ উইকেট জুটিতে ৩৭ বলে ৫২ রান আসে, যা কিছুটা লড়াইয়ের আশা জাগায়। তবে ১৭তম ওভারে মেহেদী ১৯ রান করে আউট হওয়ার পর চাপ বাড়ে।
ইয়াসির আলী ৩৮ বলে ৫৪ রান করে আউট হন ১৮তম ওভারে। তাঁর বিদায়ের পর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ পর্যন্ত মাত্র ৮ রানে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রানে অলআউট হয় দলটি।
এর আগে জিম্বাবুয়ে ৬ উইকেটে তোলে ১৭০ রান। উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেট ৩০ বলে ৪৪ এবং তাদিওয়ানাসে মারুমানি ৯ বলে ১৪ রান করে দলকে ভালো শুরু এনে দেন। পরে রায়ান বার্ল ২৫ বলে ৩০ এবং ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করে ইনিংসকে এগিয়ে নেন।
বাংলাদেশের হয়ে নাহিদ রানা ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন।
জিম্বাবুয়ের পেসারদের বাউন্স ও গতি সামলাতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোয় বড় লক্ষ্য তাড়া করা সম্ভব হয়নি।
সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচটি বুলাওয়েতেই অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।





