জন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুলের

নয়াদিল্লি, : ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ পার্টির ব্যানারে চলা বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।
মঙ্গলবার জন্তর মন্তর থেকে রাহুল গান্ধীকে আটক করা হয়। পরে বুধবার তিনি মুক্তি পান। মুক্তির পর এক সংবাদ সম্মেলনে তিনি শিক্ষামন্ত্রীর ভূমিকার কঠোর সমালোচনা করেন।
সংবাদ সম্মেলনে রাহুল বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।”
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ‘ককরোচ জনতা পার্টি’র ব্যানারে আন্দোলন শুরু হয়, যেখানে শিক্ষার্থীরাও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আসছেন।
রাহুল গান্ধী দাবি করেছেন, গত এক যুগে ১৫২ বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার ওপর গভীর আস্থাহীনতা তৈরি করেছে।
বিক্ষোভ চলমান থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।






