চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধি দল

বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর একটি ব্যবসায়িক প্রতিনিধি দল।
আগামী ১১ থেকে ১৬ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে এ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে। বিসিসিসিআইর সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করবে।
সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিসিসিসিআই জানায়, প্রতিনিধি দলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। এসব খাতের মধ্যে রয়েছে বস্ত্র ও তৈরি পোশাক, গৃহস্থালি বস্ত্র, ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প, বাণিজ্য এবং সেবা খাত। সংগঠনটির মতে, সফরের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণ করা। একই সঙ্গে ব্যবসা-থেকে-ব্যবসা সংযোগ বৃদ্ধি, চীনের বাজারে বাংলাদেশের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বিশেষ করে বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষিভিত্তিক পণ্যসহ উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ অনুসন্ধান করা হবে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে প্রতিনিধি দল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম, উচ্চপর্যায়ের ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেবে।
এ ছাড়া বিসিসিসিআই এবং চীনের মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি-রপ্তানি চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংগঠনটি।
পাশাপাশি চীনের ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





