চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের আভাস অর্থমন্ত্রীর

অর্থনীতি ডেস্ক: চলতি বছরের মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুপ্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নতুন পে স্কেলের বিভিন্ন বিষয় নিয়ে আরও আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনসংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা জানান।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, “পে কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং তার সবগুলোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে, তবে বিষয়টি চূড়ান্ত করতে আরও কিছু বৈঠকের প্রয়োজন।” চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নতুন পে স্কেল বাস্তবায়নের পর বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত নবম জাতীয় বেতন কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি চাকুরিজীবীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। বর্তমানে সচিব কমিটির পর্যালোচনার পর চূড়ান্ত করা খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রিসভায় পাস হলেই বহুল প্রতীক্ষিত এই পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।





