চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: অন্যতম সংগঠক মাইকেলসহ ৯ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেলসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুন-এর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড-ইমন পরিচয়ধারী এক ব্যক্তি এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে চকবাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা অফিসে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। একই সঙ্গে কর্মচারীদের বেতন বাবদ অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
ঘটনার পর ডিডিএনের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে র্যাব-৭ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং মো. সাইফুদ্দিন (৩২)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





