খুলনায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দম্পতি আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের তালতলা বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে আরও দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাদিম মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই আলতাব হোসেন, এসআই এস. এম. মাহমুদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ সূত্রে জানা যায়, তালতলা বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসার অভিযোগে গোলাম রসুল (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছোট বয়রা হাসানবাগ মক্কা টাওয়ার গলিতে অবস্থিত ভাড়া বাসায় অভিযান চালিয়ে আনুমানিক আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোলাম রসুলের স্ত্রী উর্মি (২১)-কেও আটক করা হয়।
এছাড়া একই রাতে তালতলা বাজারের পেছনে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ফয়সাল (২১) ও আশিক (২৫) নামে আরও দুই যুবককে হেফাজতে নেয় পুলিশ।
অভিযান শেষে নারীসহ মোট চারজনকে সোনাডাঙ্গা মডেল থানায় নেওয়া হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





