খুলনায় বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার, দম্পতি আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দম্পতি মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে খবর পেয়ে হরিনটানা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ির আঙিনা খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রমজান মাসের কোনো এক সময়ে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা দেয়। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয়, হত্যার উদ্দেশ্য এবং এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরো জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।






