খুলনায় ফ্রিজের কিস্তির টাকা নিয়ে বিরোধ, তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যার অভিযোগ চার ভাইয়ের বিরুদ্ধে

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ফ্রিজের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন এক প্রত্যক্ষদর্শী। তাঁর দাবি, চার আপন ভাই আরাফাত, বায়জিত, মইন ও ফায়েক মিলে হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রাজন গণমাধ্যমকর্মীদের জানান, ফ্রিজ কিস্তিতে কেনা এবং সেই কিস্তির টাকা পরিশোধ নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে অভিযুক্তদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে দুই ভাই সেখান থেকে চলে যান। পরে তাঁরা আবার ফিরে আসেন এবং বাকি দুই ভাইসহ চারজন মিলে হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবিরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন। তিনি খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এর আগে নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হুমায়ুন কবিরের ওপর হামলা চালান। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীর বক্তব্যে ফ্রিজের কিস্তির টাকা নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসায় হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ফ্রিজ কেনা, কিস্তির টাকা নিয়ে বিরোধ এবং হত্যাকাণ্ডে চার ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে নিশ্চিত হওয়া যায়নি।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।






