খুলনায় কালীপূজার মণ্ডপের কারণে বন্ধ দুই সড়ক, বিকল্প পথে তীব্র যানজট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা নগরীর ফুল মার্কেট মোড় থেকে ডাকবাংলা মোড়গামী দুটি সড়কে যান চলাচল বন্ধ থাকায় আশপাশের অন্যান্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ।
সোমবার (৯ নভেম্বর) কালীপূজা উপলক্ষে সড়কের ওপর মণ্ডপ ও পূজার সাজসজ্জার আয়োজন করায় ফুল মার্কেট মোড় থেকে ডাকবাংলা যাওয়ার দুটি রাস্তা বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে ওই পথে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
এতে নগরীর আশপাশের সংযোগ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে গেছে। বিশেষ করে বিকল্প পথে চলাচল করতে গিয়ে ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
কালীপূজাকে কেন্দ্র করে মণ্ডপ সাজানো ও উৎসবের আয়োজন ধর্মীয় উৎসবের স্বাভাবিক প্রস্তুতির অংশ হলেও সড়কের ওপর মণ্ডপ নির্মাণের কারণে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, পূজার আয়োজনের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও যানবাহন ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ এবং প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিশেষ করে জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষ ও রোগীবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নগরবাসী।






