খুলনার শিপইয়ার্ড এলাকায় অস্ত্রসহ আশিক গ্রুপের শুটার জনি গ্রেফতার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক ও ১০ রাউন্ড শটগানের গুলিসহ আশিক গ্রুপের শুটার জনিকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সিপিসি স্পেশাল কোম্পানি।
রোববার (১ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেফতার হওয়া জনি খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জনির (২২) পিসি-পিআর পর্যালোচনা করে তার বিরুদ্ধে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।
অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গুলি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার জনির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি-৬।






