কেডিএ চেয়ারম্যান মনার সঙ্গে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময়

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর নেতৃবৃন্দ।
বুধবার (২৪ জুন) বেলা ১১টায় কেডিএ কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাবুল হাওলাদার, মো. আব্দুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান ও এস এম মো. আলী। এছাড়া নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মো. হেলালুজ্জামান, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন (চুন্নু), মো. আজিজুর রহমান সেখ, মো. রহমত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মাসলিমা বেগম ও সুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যাডভোকেট শফিকুল আলম মনার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল, জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জবাবে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে খুলনার সামগ্রিক উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নগরবাসীর স্বার্থে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সরদার বাদশা ‘নিরাপদ খুলনা চাই’-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। দুর্নীতি, ঘুষ, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীকে সহযোগিতা প্রদানও তাদের অন্যতম অঙ্গীকার।





