কেএমপির অভিযানের ছবি ভাইরাল, নেটিজেনদের হাস্যরস আর সমালোচনায় সরগরম ফেসবুক

কেএমপি উত্তর, দক্ষিণ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পরিচালিত বিশেষ যৌথ অভিযানের বিভিন্ন ছবি খুলনা কেএমপির ফেসবুক পেজে প্রকাশের পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা, সঙ্গে হাস্যরসও।
৬ জুনের প্রেস রিলিজে মোট ৬২ জন গ্রেফতারের তথ্য তুলে ধরা হয়। সেই অভিযানের প্রচারণায় ব্যবহৃত হয়েছে মোট ১১টি ছবি। এর মধ্যে ৮টি ছবি নিয়ে কারও কোনো আপত্তি না থাকলেও শেষের ৩টি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা।
কারণ, বর্তমানে প্রচণ্ড গরমের সময় হলেও ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে শীতকালীন পোশাক পরিহিত পুলিশ সদস্য এবং তল্লাশিকৃত ব্যক্তিদের। ফলে অনেকেই প্রশ্ন তুলছেন, ছবিগুলো কি ভুলবশত আপলোড হয়েছে, নাকি অন্য কোনো কারণে পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে?
নেটিজেনদের কেউ মন্তব্য করেছেন, “মনে হচ্ছে শীতকালীন অভিযান এখন গরমে এসে ধরা পড়েছে!” আবার কেউ লিখেছেন, “বললেই তো হতো, আমরা কয়েকটা নতুন ছবি সংগ্রহ করে দিতাম!”
তবে ছবি নিয়ে হাসি-ঠাট্টা চললেও নগরীতে অপরাধ দমনে কেএমপির চলমান বিশেষ অভিযান সম্পর্কে সচেতন ও অবগত থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।
ছবি তিনটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে ঘটনাটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত—সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম






