ওষুধ সংকটসহ নানা সমস্যায় নাটোর ২৫০ শয্যা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নাটোর প্রতিনিধি:
ওষুধের স্বল্পতা, সেবার মান নিয়ে অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট ও অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়েছেন নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।
হ্যালো নাটোরের অনুসন্ধানে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, প্রয়োজনীয় কিছু ওষুধ হাসপাতালে না পাওয়ায় বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে স্বল্প আয়ের রোগীদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করেন, হাসপাতালে খাবারের মান ও সরবরাহ নিয়েও তারা সবসময় সন্তুষ্ট নন। অনেক রোগী ঠিকমতো খাবার পায় না। নার্সিং সেবা নিয়েও কারও কারও রয়েছে অসন্তোষ। পাশাপাশি বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবায় কিছুটা বিঘ্ন ঘটে বলে জানান তারা।
হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকার বিষয়টিও নজরে এসেছে। রোগী ও স্বজনদের প্রত্যাশা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যকর করা হবে। এদিকে চিকিৎসকের পরামর্শ নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন রোগী। তাদের ভাষ্য, সকাল ৭টার দিকে এসে অপেক্ষা করেও অনেক সময় কাঙ্ক্ষিত সময়ে চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় না। ফলে প্রতিদিনই নানা ধাপে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।
অন্যদিকে হাসপাতালকে ঘিরে দালাল চক্রের তৎপরতার অভিযোগও রয়েছে। রোগী ও স্বজনদের দাবি, দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়। এ বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয় সিভিল সার্জন মসিউর রহমান জানান অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন। রোগী ও স্বজনদের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে এবং সরকারি এই চিকিৎসাকেন্দ্রে সাধারণ মানুষের জন্য আরও মানসম্মত ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।





