ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৩৬৫

ইরান যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সামরিক সদস্য নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনাদের হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
একই দিনে ইরানে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়টি অবশ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
পেন্টাগন জানিয়েছে, সামরিক বাহিনীর ৪টি শাখায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহতের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান। এতে মার্কিন বাহিনীতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমানেরও ক্ষয়ক্ষতি হয়েছে।





