ই-লোনে মোবাইল কিনতে মিডল্যান্ড ব্যাংক ও সহজ মোবাইলের সমঝোতা চুক্তি

অর্থনীতি ডেস্ক: গ্রাহকদের মোবাইল ডিভাইস ক্রয়ে সহজ অর্থায়ন সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এবং সহজ মোবাইল বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় যোগ্য গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংকের ‘ই-লোন’ (e-Loan) সুবিধার মাধ্যমে সহজ মোবাইলের নির্ধারিত মার্চেন্ট পয়েন্ট থেকে কিস্তিতে মোবাইল ডিভাইস কিনতে পারবেন।
গত ১৭ আগস্ট মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের কো-অর্ডিনেটর ও পাবলিক রিলেশন্স প্রধান মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং সহজ মোবাইল বিডি লিমিটেডের পরিচালক আবু আল মোতালিব।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের প্রজেক্ট, প্রসেস ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার খন্দকার ইমরান হোসেন, সহজ মোবাইল বিডি লিমিটেডের সিনিয়র ম্যানেজার রাজীব কুন্ডু এবং হেড অব অ্যাকাউন্টস মো. রকিবুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান। ব্যাংকের ডিজিটাল ঋণ সুবিধা এবং সহজ মোবাইলের মার্চেন্ট নেটওয়ার্কের সমন্বয়ে সর্বসাধারণের জন্য স্মার্ট ডিভাইস কেনা যেমন সহজ হবে, তেমনি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমও গতি পাবে।





