আলোচনার প্রস্তাব নাকচ, ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

নয়াদিল্লি, বৃহস্পতিবার: ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, আলোচনা করতে হলে দিল্লির যন্তর-মন্তরে অথবা উভয় পক্ষের সম্মত কোনো নিরপেক্ষ স্থানে তা আয়োজন করতে হবে। এ শর্ত পূরণ না হলে তারা আলোচনায় অংশ নেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে আলোচনার স্থান নিয়ে এখনো দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
চলমান পরিস্থিতিতে সিজেপি দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। দিল্লির যন্তর-মন্তরে সংগঠনটির অবস্থান কর্মসূচিও অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর দেশজুড়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে আন্দোলন চলমান রয়েছে।





