আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। ৩-০ গোলের পরাজয়ের পর ম্যাচ পরিচালনায় একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে উত্তর আফ্রিকার দেশটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আলজেরিয়া ফিফার রেফারিং কমিশনের কাছে একটি লিখিত অভিযোগপত্র পাঠিয়েছে। সেখানে ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করে রেফারির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানো হয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে প্রথমার্ধে লিওনেল মেসি ও আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে ঘিরে একটি ঘটনা। আলজেরিয়ার দাবি, মেসি পেছন দিক থেকে বিপজ্জনক ট্যাকল করে মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন। এ ঘটনায় মাঠে উপস্থিত সমর্থকেরা লাল কার্ডের দাবি জানালেও ম্যাচের রেফারি পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক কোনো ধরনের কার্ড দেখাননি।
ম্যাচে শাস্তি এড়িয়ে যাওয়া মেসি পরবর্তীতে আরও দুই গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন।
তবে আলজেরিয়ার অভিযোগ শুধু ওই ঘটনাতেই সীমাবদ্ধ নয়। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কনুই দিয়ে আলজেরিয়ার ইব্রাহিম মাজার মুখে আঘাত করেন বলেও অভিযোগ করা হয়েছে। আলজেরিয়ার মতে, ঘটনাটি রেফারির খুব কাছেই ঘটলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
দেশটির ফুটবল কর্তৃপক্ষ আরও দাবি করেছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দলও বিষয়টি পর্যালোচনার জন্য মাঠের রেফারিকে মনিটর দেখার পরামর্শ দেয়নি।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তগুলো ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছে আলজেরিয়া। তাই ঘটনাগুলোর পর্যালোচনা এবং রেফারিংয়ের মান নিয়ে ফিফার দৃষ্টি আকর্ষণ করেছে তারা।
এদিকে অভিযোগের বিষয়ে ফিফা বা ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।





