‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত পশ্চিমবঙ্গ ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

পশ্চিমবঙ্গে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশিদের’ দ্রুত এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় জড়ো হওয়া এসব মানুষকে দ্রুত সরে যেতে হবে, অন্যথায় সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৬ মে) উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুলসংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন বলে দাবি করেন তিনি। বিষয়টি টেলিভিশনে দেখার কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, “তাড়াতাড়ি চলে যান, না হলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব ব্যক্তিকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চেকপয়েন্টে অবস্থানকারীরা সবাই ‘অবৈধভাবে’ ভারতে প্রবেশ করেছেন।
শুভেন্দু অধিকারী বলেন, এসব ব্যক্তিকে কারাগারে রেখে রাষ্ট্রের অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন নেই। তিনি দাবি করেন, তারা স্থানীয় জনগণের ওপর চাপ সৃষ্টি করছেন এবং রাজ্যের সম্পদের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াচ্ছেন। এ প্রসঙ্গে তিনি নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর করার কথাও পুনর্ব্যক্ত করেন।
কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় জড়ো হওয়া ব্যক্তিরা নাকি নিজ দেশেই ফিরে যেতে আগ্রহী। তিনি আরও বলেন, “আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ অন্যদের দিতে চাই না।”
আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়ে তিনি বলেন, কাউকে কারাগারে পাঠানোর প্রয়োজন নেই; বরং সরাসরি তাদের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আইন থাকলেও রাজনৈতিক কারণে তা কার্যকর করা হয়নি, তবে বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।
এর আগে বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই ‘অবৈধ অনুপ্রবেশকারী’ শনাক্ত, অপসারণ ও ফেরত পাঠানোর নীতি গ্রহণের ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।





