৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর ২০২৬ মাসে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৮৯টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে।
৩ এপিবিএনের নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ফেসবুক ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করে আসছে সাইবার ক্রাইম ইউনিট।
অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীনের দিকনির্দেশনায় সহ-অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার মো. আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেপ্টেম্বর মাসে বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া বিকাশ প্রতারণার ঘটনায় ৪১ হাজার ৫২০ টাকা উদ্ধার এবং জিডির ভিত্তিতে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম. এম. সালাহউদ্দীন।
এ সময় তিনি বলেন, জনসাধারণের ইতিবাচক সাড়া ও সহযোগিতা পাওয়া গেলে আরও বেশি ভুক্তভোগীকে আইনি সেবা প্রদান করা সম্ভব হবে। হারানো মোবাইল, অনলাইন ও বিকাশ প্রতারণার ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্যও তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।





