১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত সুপারকার সংগ্রহের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই ফরোয়ার্ড।
২০২৬ বিশ্বকাপ-পরবর্তী ছুটি কাটানোর সময় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের গ্যারেজের তিনটি ছবি পোস্ট করেন রোনালদো। ছবির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে লেখেন— ‘মাই টয়জ’ (আমার খেলনাগুলো)। পোস্টটি করার পরপরই তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, রোনালদোর গ্যারেজে রয়েছে বিশ্বের অন্যতম দামি ও বিরল সব সুপারকার। তার সংগ্রহে প্রায় ১৩টি স্পোর্টস কার রয়েছে; যার মধ্যে উল্লেখযোগ্য চারটি ফেরারি, একটি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, একটি পোর্শে ৯১১, দুটি বুগাত্তি এবং একটি ম্যাকলারেন সেনা। পুরো এই গাড়ি সংগ্রহের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৮ কোটি টাকার সমান।
দুই দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং বর্তমানে সৌদি ক্লাব আল-নাসরে খেলে অর্জিত বিপুল সম্পদেরই অন্যতম বহিঃপ্রকাশ তার এই সুপারকার সংগ্রহ।
বর্তমানে ৪১ বছর বয়সী এই ফুটবল তারকা বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর পরিবারের সঙ্গে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন। এদিকে আল-নাসর প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করলেও অতিরিক্ত বিশ্রামে থাকা রোনালদো এখনও পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি। তবে আলমেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে উপস্থিত থেকে সতীর্থদের উৎসাহ দিতে দেখা গেছে তাকে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মৌসুমের আগে শারীরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখতেই তাকে এই বিশেষ বিশ্রাম দেওয়া হচ্ছে।





