হিলিতে এক সপ্তাহে কেজিতে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুর, ২১ জুলাই — এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে হিলি বাজার ঘুরে এ তথ্য জানা যায়। হঠাৎ দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে। তারা মনে করছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজার স্থিতিশীল হতে পারে।
হিলি বাজারের ক্রেতা রফিকুল ইসলাম বলেন, “গত কয়েক মাস ধরে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে ছিল। হঠাৎ করে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। বাজারে নিয়মিত মনিটরিং প্রয়োজন।”
পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, “দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। দেশি পেঁয়াজই বিক্রি করছি। বিভিন্ন মোকামে দাম বেড়ে যাওয়ায় আমরাও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। তবে আমদানি শুরু হলে দাম কমে আসবে।”
হিলি স্থলবন্দরের আমদানিকারক ফেরদৌস রহমান বলেন, “দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে। ফলে আমদানিকারকেরা পেঁয়াজ আনতে পারছেন না। সরকার অনুমতি দিলে দ্রুত আমদানি শুরু করা সম্ভব।”
প্রসঙ্গত, আমদানি বন্ধ থাকায় বাজারে দেশি পেঁয়াজের ওপর নির্ভরতা বেড়েছে, যা দামের ওপর প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






