হাতীবান্ধা মডেল কলেজের জেনারেল শাখায় পাস করেননি কেউ

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের জেনারেল শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। এতে শাখাটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।
এমন ফলাফলের পর কলেজটির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা।
তাদের অভিযোগ, কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ থাকলেও নিয়মিত ক্লাস হওয়ার কোনো লক্ষণ নেই। শ্রেণিকক্ষে পাঠদান না হওয়ার বিষয়টি দেখভালে শিক্ষকদের মধ্যেও কার্যকর কোনো উদ্যোগ বা তৎপরতা দেখা যায় না। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
এদিকে স্থানীয়রা বাংলা ষ্টার নিউজ কে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কলেজের অধ্যক্ষের পদ নিয়ে বিরোধ চলে আসছে। অধ্যক্ষের দাবিদার রয়েছেন তিনজন।
এ নিয়ে প্রশাসনিক জটিলতা ও অভ্যন্তরীণ বিরোধের প্রভাব পড়ছে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, প্রশাসনিক জটিলতা নিরসন এবং কলেজের সার্বিক কার্যক্রমে নজরদারি বাড়ানো জরুরি।






