স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জমি বিরোধে হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আমতলা গাংবার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইমান শেখ নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তার একটি হাত ভেঙে গেছে বলে পরিবার দাবি করেছে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমান শেখের সঙ্গে একই এলাকার শুব্রত মন্ডলের জমি নিয়ে বিরোধ চলছিল। ইমান শেখের দাবি, তাদের পৈত্রিক ১৪ শতক জমি দখলের চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের সমাধান হয়নি।
অভিযোগে বলা হয়, গত ২০ মে সকাল সাড়ে ১০টার দিকে নিজ জমিতে ঘর নির্মাণের কাজ করছিলেন ইমান শেখ। এ সময় শুব্রত মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল সরদার, এরশাদ শেখ ও কাদের বয়াতিসহ কয়েকজন সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় লাঠিসোঁটা দিয়ে মারধর করা হলে ইমান শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইমান শেখ বলেন, “আমাদের পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুব্রত মন্ডল ভুয়া রেকর্ড দেখিয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। আমি বারবার জমির বৈধ কাগজ দেখাতে বললেও তারা কোনো কাগজ দেখাতে পারেনি।”
ইমান শেখের স্ত্রী অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের ভয়ভীতি দেখাচ্ছে। তিনি দাবি করেন, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী আল আজাদ অভিযুক্তদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।
এদিকে স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও জাহিদুল সরদারের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় নিত্যের দোকানে ভাঙচুর, লুটপাট ও দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছিল। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।





