স্বামীর চিকিৎসার এসে কান ছিঁড়ে দুল ছিনতাই: নাটোরে কান কেটে নিল দুর্বৃত্তরা, ২৪ সেলাই!

নিজস্ব প্রতিবেদন
নাটোরে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসে নির্মম ছিনতাইয়ের শিকার হয়েছেন নয়ারানি দাস নামের ৭০ বছরের এক বৃদ্ধা। খাবারের কথা বলে কৌশলে ডেকে নিয়ে গিয়ে তার দুই কান ছিঁড়ে এক জোড়া সোনার দুল লুট করে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নাটোর আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন মল্লিকহাটি এলাকায়।
এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বিধান চন্দ্র দাস নাটোর সদর থানায় লিখিত এজাহার দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা নয়ারানি দাসের স্বামী অসুস্থ হয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুলাই দুপুরে স্বামীর জন্য খাবার কিনতে হাসপাতাল থেকে বাইরে বের হন তিনি। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের সামনে দুই ব্যক্তি তাকে খাবার দেওয়ার কথা বলে কৌশলে মল্লিকহাটি ব্রিজের কাছে এক নির্জন স্থানে নিয়ে যায়।
সেখানে পৌঁছামাত্রই বৃদ্ধাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার কান থেকে এক জোড়া সোনার দুল টেনে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে বৃদ্ধার দুই কান মারাত্মকভাবে ছিঁড়ে রক্তাক্ত জখম হয়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার দুই কানে সর্বমোট ২৪টি সেলাই দেন। ছিনতাই হওয়া স্বর্ণের দুলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় নাটোর সদর থানা পুলিশ। অভিযুক্তদের ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





