সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

ঢাকা, ১২ আগস্ট: দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারো বড় উত্থান ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম দেড় লাখ টাকা ছাড়িয়ে গেছে এবং ভালো মানের রুপার ভরির দাম ৫ হাজার টাকা অতিক্রম করেছে।
গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হওয়া বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রয় হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকায়।
অন্যান্য মানের সোনার মধ্যে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার বর্তমান বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৫৯ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার এই নতুন নির্ধারিত দর বহাল থাকবে।





