সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা

প্রতিবেদক : মাসুদ রানা. সিরাজগঞ্জ
"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে আবার সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো: নুরুল আমীন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) গনপতি রায়। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রিয়াজুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি গনপতি রায় বলেন, স্বাস্থ্য সচেতনতার প্রসার ও সকলকে সুস্থ স্বাস্থ্য পরিষেবা প্রদান করার বিষয়টি সুনিশ্চিত করার জন্য এই দিনটি পালন হয়ে আসছে। সবার জন্য স্বাস্থ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির ক্ষেত্রে এ দিবসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি শিশুর সুন্দর ভবিষ্যতের ভিত্তি হলো নিরাপদ জন্ম। যদি একটি শিশুর জন্ম নিরাপদ হয়, তাহলে জন্ম পরবর্তী প্রতিবন্ধকতা দূর করে শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো: হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হাই, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আলী নোওয়াজ চৌধুরীসহ অনেকে।





