সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযান ৬ কোটি টাকার নতুন মাদক 'কুশ'সহ আটক ১

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরায় সীমান্ত রক্ষা বাহিনীর এক বিশেষ অভিযানে কোটি টাকার নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করা হয়েছে। ০৬ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এক জন মাদক কারবারিকে আটক করা হয়েছে, তার কাছ থেকে আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ১২ কেজি কুশ সহ একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ তারিকুজ্জামান (২৪)। তিনি সাতক্ষীরার কলারোয়া থানার কেড়াগাছি গ্রামের মোঃ ওহিদুজ্জামানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সদর দপ্তর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে মাধবকাঠি বাজার এলাকা দিয়ে নতুন ধরনের এই মাদকের একটি চালান অন টেস্ট মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাংগা বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ পেয়ে বিজিবির দলটি মাধবকাঠি বাজারে অবস্থান নেয়। দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিটে সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালালে তারিকুজ্জামানের কাছ থেকে ১২ কেজি মাদকদ্রব্য 'কুশ' উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের তালিকা ও আনুমানিক বাজারমূল্য
১২ কেজি মাদকদ্রব্য কুশ ছয় কোটি টাকা ০১টি মোটরসাইকেল দুই লক্ষ টাকা ০২টি মোবাইল ফোন এক লক্ষ বায়ান্ন হাজার টাকা সর্বমোট জব্দকৃত মূল্যায়িত সম্পদ ছয় কোটি তিন লক্ষ বায়ান্ন হাজার টাকা।
বিজিবি জানায়, 'কুশ' মূলত প্রাকৃতিক মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ি দিয়ে তৈরি বিশেষ প্রকৃতির মাদক। বর্তমান বিশ্ববাজারে এর সাথে অতিরিক্ত 'টেট্রাহাইড্রো ক্যানাবিনল' (THC) নামক রাসায়নিক মিশিয়ে তরল, পাউডার কিংবা ট্যাবলেট আকারে সিনথেটিক মাদক হিসেবে রূপান্তর করা হয়, যা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত মারাত্মক ও মারাত্মক ক্ষতিকর।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সাথে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার বিস্তৃত সীমান্তে যেকোনো ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। তরুণ সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সাথে মাদকের অপব্যবহার রোধে তিনি পরিবার ও সামাজিক পর্যায় থেকে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
অভিযানের পর স্থানীয় জনগণ বিজিবির এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ জাতীয় তদারকি অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।





