সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা

আগামী ৮ থেকে ১১ এপ্রিল ভারতের শিমলায় অনুষ্ঠিত হবে ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস এবং টিমস ইভেন্টে অংশগ্রহণ করবে।
সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভারতের রাজধানী নয়াদিল্লী হয়ে শিমলায় পৌঁছাবে তারা।
এই সফরে দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ও বিটিটিএফ এর ২য় সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু। কোচ হিসেবে থাকছেন বিকেএসপির ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া।
বাংলাদেশ যুব দলের অনূর্ধ্ব-১৯ বালক দলের খেলোয়াড়রা হলেন— মো. নাফিজ ইকবাল (অধিনায়ক), আবুল হাসেম হাসিব, মোঃ তাহমিদুর রহমান সাকিব ও মোঃ জয় ইসলাম।
অনূর্ধ্ব-১৯ বালিকা দলের খেলোয়াড়রা হলেন খই খই সাই মারমা (অধিনায়ক), রেশমী তনচংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান।
অনূর্ধ্ব-১৫ বালক দলের খেলোয়াড়রা হলেন— মোঃ শাহীন আহম্মেদ (অধিনায়ক), মোঃ মিদুল রহমান, তামজিদুুল ইসলাম পরশ ও রাব্বি ইসলাম।
অনূর্ধ্ব-১৫ বালিকা দলের খেলোয়াড়রা হলেন— মোছাঃ রাফিয়া চৌধুরী (অধিনায়ক), জান্নাত ইসলাম রোজা, মোসাম্মদ জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।
যুব দলের মোট ১৬ জন টেবিল টেনিস খেলোয়াড়ের মধ্যে ১২ জনই বিকেএসপির বর্তমান এবং ২ জন প্রাক্তন শিক্ষার্থী রয়েছে যাদের মধ্যে ১ জন বাংলাদেশ সেনা বাহিনী এবং ১ জন গ্রিন টেবিল টেনিসকে প্রতিনিধিত্ব করছে। বাকি ২ জনের মধ্যে ১ জন বাংলাদেশ সেনাবাহিনীর ও ১ জন রংপুর টেবিল টেনিস সংস্থার।
দলের প্রস্তুতি সম্পর্কে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, প্রতিযোগিতার প্রসপেক্টাস হাতে পাওয়ার আগেই আমরা দল নির্বাচন করে বিকেএসপিতে ৩৩ দিনের একটি নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছি।





