সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বাড়লো ২,৭৮১ কোটি টাকা, সূচকে পতন

ঢাকা, ৮ আগস্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম লেখানোয় সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৭৮১ কোটি টাকা বেড়েছে। তবে লেনদেনের গতি বাড়লেও পতনে শেষ হয়েছে প্রধান মূল্যসূচক।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৮টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, বিপরীতে কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের দর।
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকায়, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ৫ হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৮১ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ। আগের সপ্তাহের ৩ হাজার ৯৬৩ কোটি টাকাসহ টানা দুই সপ্তাহে ডিএসইর বাজার মূলধন মোট ৬ হাজার ৭৪৪ কোটি টাকা বাড়লো।
বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ কমেছে ৩৪.৬২ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি ৯১.২৮ পয়েন্ট বেড়েছিল। অন্য দুই সূচকের মধ্যে ইসলামী শরিয়াহভিত্তিতে পরিচালিত ‘ডিএসই শরিয়াহ্ সূচক’ গত সপ্তাহে ১৪.৫৩ পয়েন্ট বা ১.২২ শতাংশ কমেছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০ সূচক’ কমেছে ২৫.৩৭ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
তবে গত সপ্তাহে লেনদেনের গতি ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের গড় লেনদেনের (১ হাজার ৫৯ কোটি ৯২ লাখ টাকা) তুলনায় ১১.৫০ শতাংশ বা ১৩১ কোটি ৯২ লাখ টাকা বেশি।
টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে সর্বাধিক লেনদেন হওয়া কোম্পানির শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৩.১৮ শতাংশ। প্রতিদিন গড়ে ২৬ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং এবং ২৫ কোটি টাকা লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট। এছাড়া লেনদেনের শীর্ষ দশ তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইড, ডমিনেজ স্টিল বিল্ডিং, আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, ফারইস্ট নিটিং, এসিআই ফরমুলেশন এবং বেক্সিমকো।





