শেষ বিদায়ের প্রস্তুতিতে খামেনির কফিনে শিয়া ঐতিহ্যের প্রতীকী পতাকা

ইরানের মাশহাদ শহরে অবস্থিত ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের ওপর রাখা হয়েছে। শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
খামেনিকে আগামী ৯ জুলাই মাশহাদের ওই মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হওয়ার পর দাফনের এ তারিখ নির্ধারণ করা হয়।
জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির সহযোগী অধ্যাপক নাদের হাশেমির মতে, কফিনে রাখা লাল পতাকাটি শিয়া ইসলামে গভীর তাৎপর্য বহন করে। এটি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। সপ্তম শতকে কারবালার যুদ্ধে তিনি নিহত হন।
হাশেমি বলেন, শিয়া মুসলমানদের কাছে এ প্রতীক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক অর্থ বহন করে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইসলামিক প্রজাতন্ত্র খামেনির মৃত্যুকে কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে প্রতীকীভাবে যুক্ত করার জন্য এই পতাকা ব্যবহার করছে।
খামেনির মৃত্যুর পর ইরানে শোকানুষ্ঠান ও রাষ্ট্রীয় আয়োজনে বিভিন্ন ধর্মীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে তাঁর রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে তুলে ধরা হচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।





