শক্তিশালী এনবিএফআইগুলোর আমানত গ্রহণে সীমা তুলে দিল বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১৭ জুলাই — আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) জন্য আমানত গ্রহণের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত কিছু শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রতিষ্ঠান এখন থেকে ব্যক্তি ও যৌথ—উভয় ধরনের হিসাবেই নির্ধারিত সীমার বেশি আমানত গ্রহণ করতে পারবে।
বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ অনুযায়ী এতদিন ব্যক্তি হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা এবং যৌথ হিসাবের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি টাকা আমানত নেওয়ার সীমা ছিল।
নতুন নির্দেশনা অনুযায়ী, এ সুবিধা পেতে একটি আর্থিক প্রতিষ্ঠানকে একসঙ্গে তিনটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—সর্বশেষ প্রান্তিকের তথ্য অনুযায়ী খেলাপি ঋণের হার ১০ শতাংশ বা তার কম থাকতে হবে, মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও) কমপক্ষে ১০ শতাংশ হতে হবে এবং কোনো ধরনের প্রভিশন স্থগিত সুবিধা গ্রহণ করা যাবে না।
এছাড়া, আইনি সীমার বেশি থাকা বিদ্যমান আমানতের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ কার্যকর হওয়ার আগে সংগৃহীত সীমার অতিরিক্ত আমানত মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত বহাল থাকবে। মেয়াদ শেষে হিসাবধারীর লিখিত সম্মতি সাপেক্ষে তা নবায়ন করা যাবে।
তবে যেসব আর্থিক প্রতিষ্ঠানের ওপর ইতোমধ্যে আদালত বা নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে আমানত গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না। পূর্ববর্তী নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ২৪(২) ধারার আওতায় জারি করা এ প্রজ্ঞাপনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।





