লেবাননে ভয়ংকর হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল

তেহরান-ওয়াশিংটন যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই লেবাননে ভয়ংকর হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের (৮ এপ্রিল) এ হামলায় দেশটির রাজধানী বৈরুত ও অন্যান্য অঞ্চলে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫৪ জন। সেইসঙ্গে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা।
লেবাননে নারকীয় এ হত্যাযজ্ঞ চালানোর পর চাঞ্চল্যকর এক দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। দেশটির কর্মকর্তারা বলছেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বোঝাপড়া করেই এ হামলা চালিয়েছেন তারা।
টানা ৩৮ দিনের সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই যুদ্ধবিরতিকে স্থায়ীভাবে যুদ্ধাবসানের দিকে পরিচালনা করা নিয়ে আলোচনা ও চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই বুধবার লেবাননজুড়ে একযোগে শতাধিক বিমান হামলা পরিচালনা করে ইসরায়েলি বিমানবাহিনী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ অভিযানে অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ৫০টি যুদ্ধবিমান এবং ১০ মিনিটে পুরো লেবাননে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়েছে।
অধিকাংশ বোমা ফেলা করা হয়েছে লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে। ফলে, ধ্বংস ও প্রাণহানির মাত্রা ছিল অনেক বেশি।





