রোনালদোর জোড়া গোলের পরও ‘ফিরে আসার’ ঘোষণায় একমত নন ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচের পর সমালোচনার মুখে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় ম্যাচেই জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে ম্যাচ শেষে তার দেওয়া ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর রোনালদোর কাছে ‘আমি ফিরে এসেছি’ মন্তব্যের ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বলেন, “যাতে মানুষ ভুলে না যায়।”
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসের আলোচনায় ইব্রাহিমোভিচ পর্তুগালের বড় জয় এবং রোনালদোর মন্তব্য—দুই বিষয় নিয়েই নিজের মতামত তুলে ধরেন। তার মতে, ম্যাচটির ফলাফল খুব একটা বিস্ময়কর ছিল না।
ইব্রাহিমোভিচ বলেন, “এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।”
বিশ্লেষকদের মতে, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হওয়ায় পর্তুগালের আধিপত্য প্রত্যাশিতই ছিল। এবারই প্রথম বিশ্বকাপে খেলা উজবেকিস্তান আগের ম্যাচেও কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল।
রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেছেন ইব্রাহিমোভিচ। তিনি বলেন, “ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও হারিয়ে গিয়েছিল। জানি না কেন সে বলল, ‘আমি ফিরে এসেছি।’”
তবে সমালোচনা কিংবা রসিকতা—যেভাবেই মন্তব্যটি দেখা হোক না কেন, উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি রোনালদোর আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জোড়া গোল করে নতুন একটি রেকর্ডও গড়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। পাশাপাশি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করা খেলোয়াড়ের কৃতিত্বও নিজের করে নিয়েছেন।





