রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার : ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়ক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে পৃথক অভিযানে ১৫৫০ পিস ইয়াবাসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ও সন্ধ্যায় রূপগঞ্জের ৩০০ ফুট ও ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এই পৃথক অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নির্দেশনায় ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাহউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ৩০০ ফুট সড়কে অভিযান পরিচালনা করে। রূপগঞ্জের ৩০০ ফুট সড়কে অস্থিতিশীল পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হওয়া এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার প্রস্তুতিকালে ১৫ জন নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই দিনে পুলিশের পৃথক অভিযানে ১৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাহউদ্দিন জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে রূপগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার চেষ্টা ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মোঃ সাজেদুর রহমান
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি





