ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণ

ঢাকা, বৃহস্পতিবার: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি জানান, আমন্ত্রণপত্রটি বাংলাদেশ পেয়েছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সম্প্রতি বিদেশ সফরের সময় টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো তথ্য নেই।
তিনি বলেন, ‘যদি বাংলাদেশের সংশ্লিষ্ট কোনো দূতাবাসের কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্ত সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
ভারতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রত্যাশা করে। বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নিজস্ব প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিকস শীর্ষ সম্মেলন বিশ্ব অর্থনীতি ও বহুপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে সদস্য দেশগুলোর পাশাপাশি আমন্ত্রিত দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নেন।





