বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে নতুন মাইলফলকে ভিনিসিয়ুস

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে ব্রাজিলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপের মঞ্চে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
হাইতির বিপক্ষে করা গোলটি ছিল বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল। এর আগে চলতি আসরে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোল করেছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একটি গোল করেছিলেন ব্রাজিলের এই তারকা।
তিন গোল নিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো-কে ছাড়িয়ে গেছেন। রোনালদিনহো তার বিশ্বকাপ ক্যারিয়ারে দুটি গোল করেছিলেন, দুটিই এসেছিল ২০০২ বিশ্বকাপে।
হাইতির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুস ম্যাথিউস কুনহার একটি গোলেও সহায়তা করেন। ফলে বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে তার অবদান দাঁড়িয়েছে ছয় গোলে। তিনটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
এই পরিসংখ্যানের মাধ্যমে বিশ্বকাপে মোট গোল-অবদানের সংখ্যায়ও রোনালদিনহোকে স্পর্শ করেছেন ভিনিসিয়ুস। ২০০২ বিশ্বকাপে রোনালদিনহো দুটি গোলের সঙ্গে তিনটি অ্যাসিস্ট করেছিলেন। পরে ২০০৬ বিশ্বকাপে আরও একটি অ্যাসিস্ট যোগ করেন তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোল-অবদান ছিল ছয়টি।
তবে রোনালদিনহোর সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ এখনো রয়েছে ভিনিসিয়ুসের সামনে। কারণ মাত্র ছয় ম্যাচেই ছয় গোলে অবদান রাখা এই ফরোয়ার্ডের সামনে চলতি বিশ্বকাপে আরও ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। ব্রাজিলের আক্রমণভাগে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে দেশের কিংবদন্তি তারকাদের আরও কয়েকটি কীর্তি নিজের করে নিতে পারেন তিনি।





