বটিয়াঘাটায় হিন্দু নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবলীগ নেতা আটক।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শিমুল গাজীর বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ২ বছর ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। একইসঙ্গে ওই নারী বিয়ের দাবিতে বিচার চাইতে গেলে তাকে মারধর ও হামলার অভিযোগও উঠেছে শিমুল গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে শিমুল গাজীর সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। পরে বিয়ের জন্য চাপ দিলে বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগকারীর দাবি, বিয়ের দাবিতে শিমুল গাজীর বাড়িতে গেলে তার ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় শিমুল গাজী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত শিমুল গাজীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, শিমুল গাজী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে চলাফেরা করছেন। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন সময় ক্ষমতার দাপট দেখিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্তের বক্তব্যও পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিমুল গাজী ও অভিযোগকারী ওই নারী দুজনই থানা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





