বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার বটিয়াঘাটায় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সমস্যা সমাধানের আশ্বাসে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় চক্রাখালী স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বটিয়াঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল খাইরুল আনাম, তদন্তকারী ইন্সপেক্টর শাহীনুর রহমান, সাব-ইন্সপেক্টর রবিশঙ্করসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। এছাড়া সাংবাদিক তরিকুল ইসলাম, ইন্দ্রজিৎ টিকাদার, আলমগীর হোসেন, বিএনপি নেতা আছাবুর রহমান, শাহাবুদ্দিন দোলন ও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, “পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এই ‘ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, “মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা মাদক, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






