পিস্তল, গুলি ও চোরাই মোটরসাইকেলসহ সোনাডাঙ্গায় গ্রেপ্তার ১

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চোরাই মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম ওরফে মনির (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার একটি টিম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে ছোট বয়রা মাদ্রাসা গলি রোডের নিউ সিটি ম্যাক্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম ছোট বয়রা শান্তিনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৭.৬৫ মি.মি. (Made in USA) একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং নম্বরপ্লেটবিহীন কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটি চোরাই বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





