পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম
খুলনার পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে ছুরিকাঘাত ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের আল-আমীন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় হাফিজুর গাজীর বড় ভাই মফিজুর গাজী বাদী হয়ে থানায় এজার দাখিল করেছে।
আহতরা হলেন উপজেলার ফরিদাবাদ গ্রামের মৃত জাহাঙ্গীর গাজীর ছেলে হাফিজুর গাজী (৪৫), শান্তা গ্রামের জিন্নাত আলী গাজীর ছেলে হান্নান গাজী (৫০), ও নাসির গাজীর ছেলে অলিলউল্লাহ গাজী (২১)
আহত হাফিজুর গাজী জানান, শহিদুল মোড়লের ছেলে তানবির মোড়ল(২২), আজমুল গাইনের ছেলে বিপ্লব গাইন(২৮), বাবু গাইনের ছেলে হৃদয় গাইন (২৮), বাচ্চু গাজীর ছেলে সিরাজুল গাজীসহ ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে হাফিজুর গাজী, হন্নান গাজী সেখানে মাদক বিক্রিতে বাঁধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাতের পাশাপাশি লাঠিসোটা দিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আহতদের স্বজনরা জানান, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহতদের দেখতে উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, তুষার কান্তি মন্ডল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ হাসপাতালে দেখতে যান। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





