নিরাপত্তা ত্রুটি প্রকাশে গবেষককে হুমকি, সমালোচনার মুখে মাইক্রোসফট

নিরাপত্তা ত্রুটি প্রকাশ করায় এক স্বাধীন গবেষককে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ঘটনাটি ঘিরে প্রযুক্তি বিশ্বে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ‘নাইটমেয়ার ইক্লিপস’ নামে পরিচিত এক গবেষক মাইক্রোসফটের কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা দুর্বলতার তথ্য প্রকাশ করেন। পাশাপাশি তিনি দেখান, কীভাবে এসব ত্রুটি কাজে লাগানো সম্ভব। প্রকাশিত ত্রুটিগুলোর মধ্যে কম্পিউটারের সুরক্ষা ব্যবস্থা ও তথ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশের দুর্বলতাও ছিল।
মাইক্রোসফটের দাবি, গবেষক আগেভাগে প্রতিষ্ঠানটিকে এসব ত্রুটির বিষয়ে অবহিত করেননি। ত্রুটিগুলো সংশোধনের সুযোগ দেওয়ার আগেই বিস্তারিত প্রকাশ করা হয়েছে, যা সাইবার অপরাধীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের ডিজিটাল অপরাধ দমন বিভাগ এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হবে।
তবে গবেষক নাইটমেয়ার ইক্লিপসের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, তিনি আগেই মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি। এমনকি নিরাপত্তা ত্রুটি জানানোর জন্য ব্যবহৃত তাঁর হিসাবও বন্ধ করে দেওয়া হয়। পরে তিনি জনসমক্ষে ত্রুটিগুলোর তথ্য প্রকাশ করেন। এর পরপরই তাঁর অন্যান্য অনলাইন হিসাবও বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিয়ে সাইবার নিরাপত্তা অঙ্গনের অনেক বিশেষজ্ঞ মাইক্রোসফটের অবস্থানের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ স্বাধীন গবেষকদের নিরুৎসাহিত করতে পারে।
নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাটি মোজোরিস বলেন, আইনি ব্যবস্থার হুমকি গবেষকদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে, ফলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ত্রুটি প্রকাশে অনেকে অনাগ্রহী হয়ে পড়বেন। আরেক গবেষক কেভিন বিউমন্টের মতে, নিরাপত্তা ত্রুটির কার্যকারিতা বোঝাতে পরীক্ষামূলক তথ্য প্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনা করা উদ্বেগজনক।
উল্লেখ্য, প্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর একটি প্রচলিত চর্চা রয়েছে। তবে এসব ত্রুটি প্রকাশের সময়, পদ্ধতি এবং গবেষকদের দায়িত্ব নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি নিরসন হয়নি। মাইক্রোসফট ও নাইটমেয়ার ইক্লিপসের সাম্প্রতিক এই বিরোধ সেই পুরোনো বিতর্ককেই আবার সামনে নিয়ে এসেছে।





