নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি, বাদ যায়নি ছুটির ঘণ্টাও

প্রতিবেদক: মো : নুরনবী সানি, নরসিংদী
নরসিংদীর ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও মালামাল চুরি ঘটনা ঘটেছে। মঙ্গলবার( ৮ এপ্রিল) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
চোরচক্র বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, ল্যাপটপ, এলইডি মনিটর, ৪টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘন্টা চুরির পাশাপাশি বিদ্যালয়টির জরুরি কাগজপত্র তছনছ করে। এতে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সরকারি এ প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেক্টনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিংফ্যান, টেবিলফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পান এ চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়টির অবস্থান মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও ছিল, চোর চক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে থাকা সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাধবদী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।





