টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে মানব পাচার চক্রের বড় ধাক্কা। ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক

জোবায়ের হোসেন
চট্টগ্রাম প্রতিনিধি
টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় একটি সন্দেহজনক বোট থামার সংকেত অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের ভাষ্য অনুযায়ী, পাচারকারী চক্র বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টেকনাফে এনে আটকে রাখত, নির্যাতন ও মুক্তিপণ আদায় করত। এরপর তাদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল। কয়েকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
আটক পাচারকারী ও উদ্ধারকৃতদের বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।





