জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :
বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল সনদ, ওয়েবসাইট ও QR কোড তৈরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতাররা হলেন—মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আব্দুর রহমান (৪৬)।
পুলিশ জানায়, বিদেশগামী এক ব্যক্তিকে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে চক্রটি ১ লাখ ২০ হাজার টাকা নেয়। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি নকল সনদ তৈরি করে। সনদটি বিশ্বাসযোগ্য করতে নকল QR কোড ও ওয়েবসাইটও তৈরি করা হয়।
ভুক্তভোগী সনদটি প্রকৃত মনে করে ট্রাভেল এজেন্সিতে জমা দিলে যাচাইয়ে সেটি জাল হিসেবে শনাক্ত হয়। পরে তিনি পুলিশ সুপার, চট্টগ্রাম বরাবর অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও ডিএসবি তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি, অর্থ লেনদেন ও সংশ্লিষ্টদের যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়। পরে বাঁশখালী ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সরকারি নথি জালিয়াতি, প্রতারণা ও প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিদেশগামী নাগরিকদের দালাল বা অবৈধ মধ্যস্বত্বভোগীর মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স না নিয়ে নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।





